আবনা : ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল হাসান ফিরুজাবাদি বলেছেন, "ইরাকে ইরানি সেনা উপস্থিতির কোনো প্রয়োজন নেই এবং প্রতিবেশী এই আরব দেশের বিষয়ে তেহরান-ওয়াশিংটন সহযোগিতার ধারণা অর্থহীন; তা কখনো ঘটবে না।"
তিনি বলেছেন, "আইএসআইএল হলো এই অঞ্চলে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সৃষ্ট এমন একটি ডিম যার মধ্যে রয়েছে দু'টি কুসুম।" ফিরুজাবাদি আরো বলেন, "মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে অর্থ সংগ্রহ করা হয়েছে যাতে এ অঞ্চলে ওয়াহাবি-তাকফিরি ও জিহাদে আগ্রহী অসচেতন মুসলিম যুবকদের জড়ো করে তাদেরকে পলাতক বাথিস্ট সেনা কর্মকর্তাদের হাতে তুলে দেয়া যায়।"
তিনি বলেন, "যেসব অপরাধী আজ নিজেরা যুদ্ধ করার ক্ষমতা রাখে না তারা সারা বিশ্ব থেকে ১৮/২০ বছরের যুবকদের টার্গেট করেছে।"
জেনারেল ফিরুজাবাদি আরো বলেন, "এ অঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যে প্রতিরোধ-শক্তি গড়ে উঠেছে তা থেকে দখলদার এই শক্তিকে নিরাপদ রাখার জন্যই আইএসআইএল-কে গড়ে তুলেছে ওয়াশিংটন ও তেলআবিব।"
সম্প্রতি সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ায় বাশার আল-আসাদের অনুগত সেনাদের ব্যাপক বিজয় ও নির্বাচনে আসাদের বিপুল বিজয়সহ জনগণের ব্যাপক অংশগ্রহণ এবং ইরাকের নির্বাচনেও বিপ্লবীদের বিজয়ের প্রতিক্রিয়া হিসেবেই আইএসআইএল ইরাকে সক্রিয় হয়ে উঠেছে।
আইএসআইএল’র চিন্তাধারাকে 'বনি উমাইয়াদের জাহেলি চিন্তাধারার সমতুল্য' হিসেবে উল্লেখ করে জেনারেল ফিরুজাবাদি বলেন, "তারা মুসলিম ও মু'মিনদের সঙ্গে বনি উমাইয়াদের মতোই আচরণ করছে এবং তাদের নৃশংসতার উদ্দেশ্য যতটা না যুদ্ধ করা, বরং তার চেয়েও বেশি হলো হৈ-চৈ সৃষ্টি করা।"
তাদের এই নৃংশংসতার ফলে শিয়া ও সুন্নি মাজহাবের আলেমরা ছোটখাটো মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছেন বলে জেনারেল ফিরুজাবাদি মন্তব্য করেন। ইরাকের গ্র্যান্ড আয়াতুল্লাহ সিস্তানি ও সুন্নি আলেমদের পক্ষ থেকে জিহাদের ঘোষণার পর প্রায় ১৫ লাখ ইরাকি যুবক ময়দানে এগিয়ে এসেছে বলেও তিনি উল্লেখ করেন। এই ঐক্য ইরাকের বিপ্লবকে মজবুত ও সুসংহত করবে বলে ফিরুজাবাদি আশা প্রকাশ করেন।
ইরাকের সাম্প্রতিক নির্বাচনের ফলাফলে আমেরিকা সন্তুষ্ট হয়নি এবং হিলারি ক্লিন্টনের মাধ্যমে আমেরিকাই নানা সন্ত্রাসী গ্রুপের জন্ম দিয়েছে বলেও ইরানি সেনাপ্রধান উল্লেখ করেন।
তিনি ইরাকের জন্য আমেরিকার দরদ দেখানোর বিষয়টিকে মায়াকান্না অভিহিত করে বলেন, আমেরিকা এখনো এ অঞ্চলে সন্ত্রাসীদের অন্যতম প্রধান সহযোগী; ওয়াশিংটন নানা অশুভ উদ্দেশ্য নিয়ে ইরাকে হস্তক্ষেপ করতে চায় এবং এসবের মধ্যে তার বড় একটি উদ্দেশ্য হলো ইরাকের সফল নির্বাচনকে বানচাল করা।
আইএএসআইএল সৃষ্টির পেছনে ইসরাইলি ষড়যন্ত্রের কথা উল্লেখ করে ইরানি সেনাপ্রধান বলেন: বিপ্লবীরা যাতে ইসরাইল সীমান্ত থেকে দূরে থাকে সে জন্যই এই সন্ত্রাসী গ্রুপটি গড়ে তোলা হয়েছে এবং ইসরাইলি গণমাধ্যমও তা স্বীকার করেছে। ইরাকি জনগণের ঐক্য ও প্রতিরোধই আইএসআইএল’র নব্য জাহিলিয়াতকে দমন করতে পারে বলে তিনি মন্তব্য করেন।#আইআরআইবি
১৯ জুন ২০১৪ - ২০:৩৪
News ID: 617446
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল হাসান ফিরুজাবাদি বলেছেন, "ইরাকে ইরানি সেনা উপস্থিতির কোনো প্রয়োজন নেই এবং প্রতিবেশী এই আরব দেশের বিষয়ে তেহরান-ওয়াশিংটন সহযোগিতার ধারণা অর্থহীন; তা কখনো ঘটবে না।